mardi 6 avril 2010

প্রশ্ন "কেন" ?

আমাকেও লোকে প্রশ্ন করে !
আবার উত্তর পাবার জন্য অপেক্ষাও !!
আমাকে প্রায় সবাই প্রশ্ন করেছে -
মাঠের ছোট ঘাসফুলগুলো থেকে শুরু করে
বড় প্রাসাদের ইঁট পাথরের সাজানো স্তুপ গুলোও |
সবাইকে উত্তর দিতে পারিনি
যাদের দিয়েছি,
তাদেরও সবাইকে খুশি করতে পারিনি |
কিন্তু ওদের প্রশ্নগুলো আমাকে চিনিয়েছে
ওদের বেদনার স্বরলিপি -
যার সাথে মনের কম্পাঙ্ক মিলিয়ে সৃষ্টি করেছি অনুরণন,
বেদনার দর্পনে জড়বস্তগুলোর জৈব সত্তায় কখন যেন
জারিত হয়েছে আমার মন, আমার মনন |

কিন্তু একজন আমাকে প্রশ্ন করেনি-
শতসহস্র নক্ষত্রখচিত রাতের আকাশ |
তাহলে কি ওর দুঃখ নেই ?
নাকি ওর ওই বিশালত্বের মাঝে
ও ওর দুঃখ কে খুঁজে পায় না ?
ইন্দ্রদেবের বজ্র যখন ওর বুকখানি চিরে রক্ত ঝরায়,
ও তখন মেঘমুক্ত হবার আনন্দে হাসে !
কলঙ্কিনী চাঁদের সাথে ওর প্রেমকথা লোকে জানুক -
ওর শুধু এটুকুই বোধহয় চাহিদা |

দিনের আকাশ কিন্তু আমাকে প্রশ্ন করেছে -
সূর্যের আড়ালে ঢাকা পড়ে থাকা
ওর বেদনা কেন আমাকে ভাবায় না ?
বলেছি- জ্যোতির্ময় কে ছেড়ে
একবার তমসাচ্ছন্ন হও- এই ছন্নছাড়া কবি
তোমার জন্য কাঁদবে |

Aucun commentaire: